সৌদি আরব ও হরমুজে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেলের পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নিয়ে এমনিতেই উদ্বেগ তৈরি হয়েছিল। এর মধ্যেই সৌদিতে হুথিদের নতুন হামলা ও উপসাগরীয় অঞ্চলে জাহাজের ওপর ইরানের হামলার পর সোমবার তেলের দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি।
২৩১৩ জিএমটি সময় অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেলপ্রতি ২.৯০ ডলার বা ২.৭৭ শতাংশ বেড়ে ১০৭.৫১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ডাব্লিউটিআই ফিউচার ব্যারেলপ্রতি ২.২৭ ডলার বা ২.২৭ শতাংশ বেড়ে ১০২.৩২ ডলারে পৌঁছেছে। বাজার খোলার সময় শুরুতে এই দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছিল।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় বেশ কিছু বাড়িঘর ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন দাবি করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। হুথিরা জানিয়েছে, তারা পার্শ্ববর্তী প্রদেশের একটি সৌদি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।
রোববার যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইলের আঘাতে আগুন ধরে যায়। এতে জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়।
ইরান জানিয়েছে, তাদের উপকূলের অদূরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নিহত ও চারজন নাবিক আহত হয়েছেন।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের সরবরাহ ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে সোমবার তেলের দাম বাড়বে বলে আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। ইরাক থেকে আসা একটি ড্রোন হামলায় শুক্রবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়।
এই পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তাদের তেল রপ্তানি করত। পাইপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় এখন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ হুমকির মুখে পড়েছে।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে তারা বাবেল মান্দেব প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করার পথে এগোল।
তেল পরিবহনের আরেক গুরুত্বপূর্ণ বাবেল মান্দেব দিয়ে গত কয়েক মাসে বৈশ্বিক সরবরাহের ৪-৫ শতাংশ তেল পরিবাহিত হয়ে আসছে।
সরবরাহ ব্যবস্থায় এই ব্যাঘাত ঘটার কারণে চলতি সপ্তাহে তেলের দাম ৮ শতাংশ বেড়েছে। এতে জুলাইয়ে মাসের পর প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম।
আইজি মার্কেট বিশ্লেষক টনি সিকামোর রোববার এক নোটে বলেন, ওমানে চলতি সপ্তাহের আলোচনায় যদি কার্যকর কোনো সমাধান না আসে—কিংবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু করা না হয়—তবে ক্রুড তেলের দাম মার্চ মাসের শুরুর দিকের সর্বোচ্চ অবস্থান ১১৯.৪৮ ডলারের দিকে এগিয়ে যেতে পারে।
তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার এক্সে বলেছেন, হরমুজ প্রণালির বিষয়ে আলোচনার জন্য সোমবার উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে ওমানে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধে গত ছয় মাসে কোনো শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়নি। এর আগে জুনে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে যায়।
