রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গা সংকট বদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে সংকটপূর্ণ এলাকাগুলোতে মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, 'আপনার জেনেছেন রোহিঙ্গা ইস্যু কীভাবে আমাদের প্রভাবিত করেছে। ওই এলাকায় পরিবেশের ক্ষতি করা থেকে শুরু করে অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। মাদক চোরাকারবারসহ নানা ধরনের অপকর্ম সেখানে ঘটছে।'
দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে সেনাপ্রধান বলেন, বাংলাদেশকে সীমান্তসংক্রান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতা এবং জ্বালানি সংকটের মতো বিষয়ও মোকাবিলা করতে হচ্ছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।"
এবারের এনডিসি ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন পেশার ৩৭ জন ব্যক্তি অংশ নেন। অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের এই অংশগ্রহণকে অভিজ্ঞতার একটি মূল্যবান সমন্বয় হিসেবে উল্লেখ করেন সেনাপ্রধান।
কোর্সটি সফলভাবে আয়োজন করায় এনডিসির কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য ও কর্মীদের ধন্যবাদ জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো সমন্বয় ও শক্তি তৈরি করতে পারে।
"বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও দক্ষতার মানুষ যখন একসঙ্গে কাজ করেন, তখন একটি সমন্বিত শক্তি বা 'সিনার্জি' তৈরি হয়," বলেন তিনি। এ ধরনের বন্ধন দেশকে এগিয়ে নিতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির ফ্যাকাল্টি সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
