বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের পুনর্বহাল করা নৌ-অবরোধ—দেশটির জ্বালানি বিক্রির পথ কার্যত বন্ধই করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক তেলের বাজারের ভারসাম্যে ইরানের তেল সরবরাহের পরিমাণ বা তার গুরুত্ব একপ্রকার 'অপ্রাসঙ্গিক' হয়ে পড়েছে। মার্কিন জ্বালানি পরামর্শক সংস্থা- র্যাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনালি সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
গত জুলাই মাসে দুই পক্ষের মধ্যে 'শান্তিচুক্তির সম্ভাবনা বিষয়ক আলোচনা' (ডিল টু মেক এ ডিল) ভেস্তে যাওয়ার পর এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ওমান উপসাগরে এই অবরোধ পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। জুন ও জুলাইয়ের শুরুতে আলোচনার সময় যুক্তরাষ্ট্র প্রায় তিন সপ্তাহের জন্য এই অবরোধ শিথিল রেখেছিল, তবে আলোচনা ব্যর্থ হওয়ার পর তা আবার কঠোরভাবে চালু করা হয়—যা বর্তমানে ইরানের তেল রপ্তানিকে স্থবির করে দিয়েছে।
সিএনবিসি-কে ম্যাকনালি বলেন, "খার্গ দ্বীপ থেকে এখন আর কোনো তেল রপ্তানি হচ্ছে না।" উল্লেখ্য, ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয় এই দ্বীপের গুরুত্বপূর্ণ টার্মিনাল দিয়ে।
ম্যাকনালি আরও বলেন, "এই সর্বাত্মক অবরোধের কারণে রপ্তানির দিক থেকে বিবেচনা করলে তেলের বাজারে ইরান এখন আর কোনো কার্যকর প্রভাবক হিসেবে ভূমিকা রাখতে পারছে না।"
এই জ্বালানি বিশেষজ্ঞের মতে, বিশ্ববাজারে তেলের মূল তেলের সরবরাহের গণনা থেকে ইরান হয়তো সাময়িকভাবে বাদ পড়েছে, তবে অপরিশোধিত তেলের ফিউচার মার্কেট (অগ্রিম বাজার) মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ঝুঁকিকে তার প্রকৃত মানের চেয়ে কম গুরুত্ব দিচ্ছে।
ম্যাকনালি জানান, "অপরিশোধিত তেলের ফিউচার বাজার বৈশ্বিক বাজারে তেলের প্রকৃত সংকটকে যতটা কম করে দেখাচ্ছে, পরিশোধিত জ্বালানি পণ্যের (রিফাইন্ড প্রোডাক্টস) বাজার পরিস্থিতি ততোটাই আসল সত্য ফুটিয়ে তুলছে।"
তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' স্বল্পমেয়াদে এবং স্থায়ীভাবে পুনরায় উন্মুক্ত হওয়ার বিষয়ে বাজার এখন আগের চেয়ে কম আশাবাদী। এই স্থবিরতা যত দীর্ঘায়িত হবে, পরিশোধিত পণ্যের দামের দেখাদেখি অপরিশোধিত তেলের দামও তত উপরের দিকে ওঠার ঝুঁকি বাড়ছে।
মধ্যপ্রাচ্যে নৌ-পরিবহনে নিরাপত্তাহীনতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর আশা ক্ষীণ হয়ে আসায়—চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ব্যারেলপ্রতি ৯১ ডলার অতিক্রম করেছে।
অন্যদিকে, পরিশোধিত তেলের বাজারে ইতিমধ্যেই চরম সংকট বা সরবরাহের তীব্র ঘাটতির সংকেত দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় বাজারেই 'ডিজেল ক্র্যাক স্প্রেড' (অপরিশোধিত তেল থেকে ডিজেল পরিশোধনের লাভের ব্যবধান) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ডিজেল ক্র্যাক স্প্রেড চলতি সপ্তাহে তিন অংকের ঘরে পৌঁছায়। অপরিশোধিত তেলের ওপর ডিজেলের এই প্রিমিয়াম মূল্য—গত সোমবার বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০২ ডলারে দাঁড়ায়, যা মঙ্গলবার সামান্য কমে প্রায় ১০০ ডলারে নেমে আসে।
