ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে এক যুবক পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ব্যাপকভাবে ভাইরাল হয়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এসে রাস্তার মাঝখানে পার্কিং করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটি রাস্তার পাশে সরিয়ে পার্কিং করতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা ওই যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে এসে স্থানীয় এক যুবককে থাপ্পড় মারেন। পরে স্থানীয় আরও কয়েকজন যুবক এগিয়ে আসলে ওই যুবক গাড়িতে উঠে একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। তবে গুলি ছোড়া ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা হাসান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও এক নারী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে গাড়িটি সাইড করে রাখার জন্য বলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায় ওই যুবককে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।'
