শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভের মধ্যে অনুষ্ঠিত এক টেলিফোন আলাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। ফোনালাপকালে দুই মন্ত্রী বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী ও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়েও আলোচনা করেন। এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।
রহমান তার আজারবাইজানি সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান এ যোগাযোগ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সহায়ক হবে।
