নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম আগের হারেই বহাল
সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার মাত্র একদিনের মাথায় নিম্ন আয়ের গ্রাহক এবং মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের মূল্যহার (ট্যারিফ) পুনর্বহাল করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার (৪ জুন) সংস্থাটি এই সিদ্ধান্ত জানায়। বিদ্যুৎ বিভাগের এক আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই বিইআরসি তাদের ওয়েবসাইটে মাসিক ৭৫ কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট) পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সংশোধিত ট্যারিফ কাঠামোর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পুনর্বহাল হওয়া ট্যারিফ কাঠামো অনুযায়ী, মাসে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী 'লাইফলাইন' গ্রাহকরা আগের মতোই প্রতি ইউনিট ৪.৬৩ টাকা হারে বিল পরিশোধ করবেন। অন্যদিকে, ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে ৫.২৬ টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত ট্যারিফ অনুযায়ী এই হার বহাল রাখা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নিশ্চিত করেছেন যে, সকল বিদ্যুৎ বিতরণ সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এই দুই শ্রেণির গ্রাহকের জন্য মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আবেদন জমা দিয়েছিল।
