পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের ফলে সীমান্তের দুই পাড়ে নানা বিষয়ে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। তবে এই চাপের মাত্রা কেমন হবে, তা ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করবে বলে মনে করেন তিনি।
'বিজেপির জয়লাভের ফলে সীমান্ত ও সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে। তবে তা কতটা খারাপ হবে, তা নির্ভর করবে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপর', বলেন আলতাফ পারভেজ।
অবশ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার সাংবাদিকদের বলেছেন, পশ্চিমবঙ্গে কারা সরকারে এল, তাতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।
আলতাফ পারভেজ বলেন, 'বাংলাদেশে দক্ষিণপন্থীরা শক্তিশালী হচ্ছে, ভারতের বাংলাদেশ সীমান্ত ঘেষা অঞ্চলগুলোতেও দক্ষিণপন্থীরা জয়ী হয়েছে। এর ফলে সীমান্তের দুই পাড়েই সংখ্যালঘুদের অবস্থা খারাপ হবে, উত্তেজনা বাড়বে। বাংলাদেশ-ভারত সীমান্তেও চাপ থাকবে। পশ্চিমবঙ্গে যাদের ভোটাধিকার নেই, তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানোর চাপ সৃষ্টি হতে পারে।'
