নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
রোববার নেপালের মধ্যাঞ্চলের একটি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার তোড়ে বেশ কয়েকটি বাড়িঘর ও অবকাঠামো ভেসে যাওয়ার পর কর্তৃপক্ষ গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গুর্খা জেলার চুমনুব্রি গ্রামে একটি শুকনো ভূমিধসের ঘটনা ঘটে। এতে বুধি গণ্ডকী নদীর প্রবাহ আটকে গিয়ে ভাটি অঞ্চলে বন্যার সৃষ্টি হয়।
বুধি গণ্ডকী হলো ত্রিশূলী নদীর একটি উপনদী। ত্রিশূলীর অন্য একটি উপনদীর ভাটি অঞ্চলেই আগস্টে হিমবাহ ধসে প্রলয়ঙ্করী বন্যা দেখা দিয়েছিল। ওই দুর্যোগে ১ হাজার ৪৫৭ জন প্রাণ হারান, এখনো নিখোঁজ আছেন হাজার হাজার মানুষ।
গুর্খা জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, 'আমরা ভাটি অঞ্চলে নদীর তীরবর্তী গ্রামবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি।'
তিনি আরও জানান, বন্যার পানিতে বেশ কয়েকটি বাড়িঘর ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। এছাড়া একটি পানিবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুর্খা, তানাহু, চিতওয়ান, পূর্ব নওয়ালপরাসী এবং পশ্চিম নওয়ালপরাসী জেলার নদীর তীরবর্তী বাসিন্দাদের বন্যার বিষয়ে সতর্ক করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, সেনাবাহিনী ও পুলিশের উদ্ধারকর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা হেলিকপ্টার থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
