পেনসিলভেনিয়ায় ৮ জনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা: পুলিশ
পেনসিলভেনিয়ার ইরি শহরে ৪৫ বছর বয়সী একজন বন্দুকধারী আটজনকে গুলি করে হত্যা করেছেন এবং পরবর্তীতে তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। নিহতের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই শিশু রয়েছেন।
ইরি পুলিশ প্রধান রিক লোরার জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী নিজ গুলিতে প্রাণ হারান।
ঘটনাস্থলের বর্ণনা দিতে গিয়ে পুলিশ প্রধান লোরার বলেন, 'কিছু দৃশ্য আপনি চলে আসার পরও দীর্ঘকাল মনকে তাড়িয়ে বেড়ায়। এটি ছিল তেমনই এক করুণ দৃশ্য।'
লোরার আরও জানান, হত্যাকাণ্ডের কোনো কারণ বা উদ্দেশ্য পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তিনি উল্লেখ করেন, গুলিবর্ষণে নিহত নয়জনের মধ্যে আটজনই ছিলেন একই পরিবারের সদস্য এবং অন্যজন ছিলেন পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু।
লোরার জানান, হামলাকারী ঘরের ভেতরে ঢোকার পর সেখান থেকে বের হয়ে এসে দু'জন নারীকে গুলি করেন—যারা অতীব "কাতর ও বিচলিত" অবস্থায় প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় রাস্তায় আকুল হয়ে পায়চারি করছিলেন।
পেরি স্ট্রিটের সেই বাড়িটির দ্বিতীয় তলায় সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধার করে পুলিশ বলে জানান লোরার।
ইরির মেয়র দারিয়া ডেভলিন বলেন, 'পুলিশ বিভাগ একটি নৃশংস ঘটনাস্থলে পৌঁছেছিল এবং কল্পনাতীত পরিস্থিতির মুখোমুখি হয়ে অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেছে।'
তিনি আরও বলেন, তারা এই সম্প্রদায়েরই সদস্য এবং গত রাতের ঘটনার মানসিক বোঝা তাদেরও সারাজীবন বয়ে বেড়াতে হবে।
এর আগে পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি মেয়র ডেভলিনের সাথে কথা বলেছেন এবং এই "মর্মান্তিক গণগোলাগুলির" ঘটনার পর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শাপিরো দীর্ঘকাল ধরে "যৌক্তিক ও কার্যকর বন্দুক সুরক্ষার" পক্ষে কথা বলে আসছেন এবং ২০২৪ সালে পেনসিলভেনিয়া সাধারণ পরিষদকে সার্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক ও কোনো সিরিয়াল নম্বর না থাকা এবং সহজে শনাক্ত করা যায় না এমন ঘরে তৈরি 'ঘোস্ট গান'-এর ওপর বিধিনিষেধের মতো বন্দুক আইন সংস্কার পাস করার জন্য চাপ দিয়েছিলেন। তবে শাপিরোর প্রস্তাবিত বেশ কয়েকটি সংস্কার আইন রাজ্যের আইনসভায় ঝুলে রয়েছে।
'গান ভায়োলেন্স আর্কাইভ'-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ৪০০-এর বেশি গণগোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংস্থা এমন ঘটনাকে গণগোলাগুলি হিসেবে সংজ্ঞায়িত করে, যেখানে বন্দুকধারী বাদে চার বা তার বেশি মানুষকে গুলি করা হয়। তথ্যানুযায়ী, পেনসিলভেনিয়ায় এর আগে সর্বশেষ গণগোলাগুলির ঘটনাটি ঘটেছিল গত জুলাই মাসে ফিলাডেলফিয়ায়।
