প্রধান বিচারপতির হস্তক্ষেপে ছাড়া পেলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে আটক আইনজীবীরা
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করার সময় আটক একদল আইনজীবীকে শনিবার (১০ অক্টোবর) মুক্তি দেওয়া হয়েছে।
প্রায় দুই ঘণ্টা আটক থাকার পর সুপ্রিম কোর্টের আইনজীবী সংগঠনগুলোর হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। আটক আইনজীবীদের যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।
আটক আইনজীবীদের অবিলম্বে মুক্তির দাবিতে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে প্রস্তাব পাস করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) এবং সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশন (এসসিএওআরএ)।
এসসিএওআরএর সভাপতি দেবব্রত বলেন, পরে সংগঠনটি প্রধান বিচারপতির কার্যালয় থেকে একটি বার্তা পায়। এতে জানানো হয়, আটক আইনজীবীদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে দিল্লি পুলিশের কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'আমরা সকালে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পরে আমাদের জানানো হয়, তিনি সফরে রয়েছেন। এরপর তার কার্যালয় থেকে আমরা একটি বার্তা পাই যে আইনজীবীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।'
আটক আইনজীবীদের একজন, সুপ্রিম কোর্টের আইনজীবী শশাঙ্ক সিং বলেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। মান্ডি হাউসের দিকে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে এর আগেই পুলিশ তাদের নিয়ে যায়।
