‘ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল’—দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারপন্থি গণমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেন, ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল।
নেতানিয়াহু বলেন, 'ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল।' তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
তিনি আরও বলেন, 'তাই তাদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটি কোনো বিলাসিতা নয়।' এ বক্তব্যের মাধ্যমে তিনি দৃশ্যত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে করা একটি চুক্তির পক্ষে যুক্তি দিচ্ছেন। ওই চুক্তি অনুযায়ী, আসন্ন নির্বাচনে তিনি হেরে গেলেও অন্তত পাঁচ বছর তার দুই ছেলে এবং স্ত্রী সারাকে নিরাপত্তা সুরক্ষা দেওয়া হবে।
নেতানিয়াহু বলেন, ওই নিরাপত্তা না থাকলে 'তারা সফল হয়ে যাবে'—এখানে তিনি সম্ভাব্য হত্যাকারীদের কথা বোঝাচ্ছিলেন।
তবে নেতানিয়াহুর দুই ছেলে—ইয়ার নাকি আভনার—কার বিরুদ্ধে কথিত হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা স্পষ্ট নয়। একইভাবে, কথিত হত্যাচেষ্টাটি কখন এবং কীভাবে সংঘটিত হয়েছিল, সেটিও জানা যায়নি।
আভনার ইসরায়েলে বসবাস করেন। অন্যদিকে, দুই ছেলের মধ্যে বেশি পরিচিত ইয়ার গত কয়েক বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কাটিয়েছেন। কট্টর ডানপন্থী রাজনৈতিক মন্তব্যের জন্যও তিনি পরিচিত।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কথিত হত্যাচেষ্টাটি এমন এক সময়ে সংঘটিত হয়েছিল, যখন ইয়ার নেতানিয়াহু ইসরায়েলে ছিলেন না। তবে ওই প্রতিবেদনে বলা হয়নি যে ইয়ারই হামলার লক্ষ্য ছিলেন।
টেলিভিশনটির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, কথিত এই হত্যার ষড়যন্ত্রের বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো কয়েক মাস ধরেই অবগত ছিল। কিন্তু সামরিক সেন্সরের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।
