ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষ দিকে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা না যাওয়ায় এই সাক্ষাৎ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
বাবার উত্তরসূরি হিসেবে মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। গত কয়েক সপ্তাহে তার সঙ্গে যোগাযোগের বিষয়ে পেজেশকিয়ানও ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে রোববার ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের এক নেতা ভবিষ্যতে খামেনির বিভিন্ন ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।
২১ জুলাই পেজেশকিয়ান বলেছিলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে তার যোগাযোগ 'দিন দিন বাড়ছে'। তবে আগস্টের শুরুতে তিনি বলেন, খামেনির সঙ্গে যোগাযোগ করা 'খুব কঠিন'।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ের শেষের ওই বৈঠকে সামরিক বিষয় ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল— প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবহার এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক।
এর আগে মে মাসে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। জানামতে, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাদের প্রথম প্রকাশ্য সাক্ষাৎ।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবার বাবা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। হামলায় মোজতবাও গুরুতর আহত হয়েছিলেন বলে খবর রয়েছে। তবে সর্বোচ্চ নেতা হওয়ার আগেও তিনি সাধারণত জনসমক্ষে খুব কমই আসতেন।
রোববার বাসিজেরর উপপ্রধান কাসেম কোরাইশি জানিয়েছেন, ভবিষ্যতে জনসাধারণের সঙ্গে ও রাস্তায় মোজতবা খামেনির উপস্থিতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে তার বৈঠকের ভিডিও ও অন্যান্য তথ্যচিত্র প্রকাশ করা হবে।
কোরাইশি বলেন, এসব ভিডিও 'আবারও ইরানের জনগণের শত্রু ও সমালোচকদের লজ্জায় ফেলবে।'
মোজতবার স্বাস্থ্য ও দীর্ঘদিন জনসমক্ষে না আসা নিয়ে যে জল্পনা চলছে, তার জবাব দিতেই এসব মন্তব্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
