হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কমেছে ৯০%
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্য পরিবহন পথ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।
বুধবার (৪ মার্চ) জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'কেপলার' এই তথ্য জানিয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তারা এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।
তবে কেপলারের প্রতিবেদন অনুযায়ী, এই দাবি পুরোপুরি সত্য নয়; কিছু জাহাজ এখনও অত্যন্ত ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ দিয়ে চলাচল করছে।
কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট জানান, 'অন্যান্য অনেক ধরনের জাহাজের চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও কিছু তেলবাহী ট্যাঙ্কার এখনও হরমুজ প্রণালী দিয়ে পূর্ব ও পশ্চিমে যাতায়াত করছে। তবে অনেক ক্ষেত্রে এই জাহাজগুলো ধরা পড়া এড়াতে তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অর্থাৎ "ব্ল্যাকআউট" অবস্থায় চলাচল করছে।'
সংঘাতের কারণে বিশ্বের প্রধান এই জ্বালানি সরবরাহ পথটি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
