Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইরানে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু, ঘোষণা আসতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে: আরাগচি

আন্তর্জাতিক

আল জাজিরা; রয়টার্স; বিবিসি
01 March, 2026, 10:40 pm
Last modified: 01 March, 2026, 11:26 pm

Related News

  • ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • ইরান যুদ্ধে লাভবানদের মধ্যে আছে রাশিয়া, বাংলাদেশসহ আরো যারা চাপে
  • ইরানের খারগ দ্বীপে হামলা; ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছেন ২,৫০০ মার্কিন মেরিন সেনা
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

ইরানে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু, ঘোষণা আসতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে: আরাগচি

আল জাজিরা; রয়টার্স; বিবিসি
01 March, 2026, 10:40 pm
Last modified: 01 March, 2026, 11:26 pm
বেইত শেমেশ শহরে ইরানের হামলা। ছবি: রয়টার্স

কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।


এক-দুই দিনের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী এক বা দুই দিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি জোর দিয়ে বলেন, 'ইরানে বর্তমানে কোনো প্রশাসনিক শূন্যতা নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।'

আরাগচি বলেন, 'আমাদের দেশে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে এবং সেই অনুযায়ীই সবকিছু এগোচ্ছে। আপনারা সম্ভবত আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন দেখতে পাবেন।'

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের আইনি ব্যবস্থা এবং সংবিধান মেনেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পরিবর্তনের কাজ সম্পন্ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের এই দ্রুত রাজনৈতিক পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে।


 

ইরানের নতুন নেতাদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন ট্রাম্প  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় এবং তিনি এতে সম্মত হয়েছেন।

দ্য আটলান্টিক ম্যাগাজিনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, 'তারা কথা বলতে চান এবং আমি কথা বলতে সম্মত হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।'

ট্রাম্প আরও বলেন, 'তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। যা করা খুবই বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আগেই দেওয়া উচিত ছিল। তারা খুব দেরি করে ফেলেছে।'

তবে তিনি আলোচনাটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।


খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন। 

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'এই ঘটনা মধ্যপ্রাচ্যকে গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।' 

আনোয়ার ইব্রাহিম বলেন, 'কোনো রাষ্ট্রপ্রধানকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতি ও আদর্শকে দুর্বল করে।'

তিনি তেহরানকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের এবং সব পক্ষকে "আরও উত্তেজনা থেকে সরে আসার" আহ্বান জানান।

একইসঙ্গে আনোয়ার ইব্রাহিম জড়িত পক্ষগুলোকে 'তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অর্থবহ সংলাপের' আহ্বান জানান।

তিনি আরও যোগ করেন, 'এই সংকট শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতি, সংযম এবং রাজনৈতিক সদিচ্ছা।'


মার্কিন হামলায় ৪৮ ইরানি 'নেতা' নিহতের দাবি ট্রাম্পের  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারবে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ এবং এটি দ্রুত এগিয়ে যাচ্ছে।'


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে জেতা সম্ভব নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কোনোভাবেই জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

আরাগচি বলেন, 'এই যুদ্ধ প্রতিপক্ষের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। এই যুদ্ধে তাদের কোনো বিজয় নেই। তারা এখন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না। তারা এই লড়াই চালিয়ে গিয়ে কিছুই হাসিল করতে পারবে না।'

গত বছরের জুনের '১২ দিনের যুদ্ধের' উদাহরণ টেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'সে সময় তারা আশা করেছিল দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ১২ দিন পর তারা বুঝতে পেরেছিল যে ইরান নতি স্বীকার করবে না। শেষ পর্যন্ত তারা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল।'

তিনি আরও বলেন, 'আমি বর্তমান পরিস্থিতির সাথে আগের বারের কোনো পার্থক্য দেখছি না। যতদিন প্রয়োজন আমরা প্রতিরোধ চালিয়ে যাব এবং তারা এর ফলাফল দেখতে পাবে।'


আঞ্চলিক সংকট নিয়ে এরদোগান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুর্কি প্রেসিডেন্সির পোস্ট অনুযায়ী, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 'প্রয়োজনীয় হস্তক্ষেপ না করা হলে সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলবে।'

তিনি আরও বলেছেন, সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তুরস্ক ও সৌদি আরব 'গুরুত্বপূর্ণ প্রচেষ্টা" চালিয়ে যাচ্ছে এবং কূটনীতিকে সুযোগ দেওয়াই হলো 'সবচেয়ে যৌক্তিক পথ'।


মধ্যপ্রাচ্যে হামলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা যা বলছেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন।

ইইউ প্রধান জানান, তিনি 'উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার' লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। 

ভন ডার লেন সোমবার একটি বিশেষ নিরাপত্তা বৈঠক আহ্বান করবেন।

অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, তিনি মঙ্গলবার ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি "অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য হুমকি" এবং "তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই।"


বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সৌদি আরব

সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এগুলো রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অবস্থানরত প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে বলেছেন, 'রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি।' 

বিমানবন্দরের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখেছেন এবং শব্দ শুনেছেন।


মার্কিন রণতরী 'আব্রাহাম লিংকন' অক্ষত, হামলার দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীটিতে কোনো আঘাত হানতে পারেনি এবং জাহাজটি বর্তমানে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, 'অভিযানে আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মস্তিস্কে আঘাতজনিত কারণে (কনকাশন) সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ অভিযান ও আমাদের পাল্টা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত 'অস্থির'। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত, দাবি ইসরায়েলি মিডিয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। গতকাল শনিবার তাকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম মা'আরিবের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।  

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি মুখোমুখি নীতি গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন।


নিরাপত্তা শঙ্কায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিত করল মায়েরস্ক

নিরাপত্তা জনিত কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিজেদের সব ধরনের কার্গো জাহাজ চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়েরস্ক।

ডেনমার্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মায়েরস্ক জানিয়েছে, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করছি। আমাদের ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।'


খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শেহবাজ শরিফ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের 'চরম লঙ্ঘন' বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন।

শেহবাজ শরিফ বলেন, 'এই গভীর শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে রয়েছে। খামেনির 'শাহাদাত'-এ আমরা আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।'

তিনি আরও যোগ করেন, 'পাকিস্তান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে, কারণ এটি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি ও আদর্শের পরিপন্থী।'


মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এ ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'প্রতিশোধমূলক পদক্ষেপ' হিসেবে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, 'মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে।'

ওই বিবৃতিতে আক্রমণকারীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, 'এই জলভাগ ও স্থলভাগ হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য এক বিশাল কবরস্থান।'


আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ৩ জনের মধ্যে একজন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই হামলার ঘটনা ঘটে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

হামলায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।


ইসরায়েলের বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

ইসরায়েলের কেন্দ্রস্থল বেইত শেমেশ শহরে ইরানের এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন।

জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত এই শহরে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা 'মাগেন ডেভিড অ্যাডম' (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, এমডিএ-র মুখপাত্র জাকি হেলার এক টেলিভিশন বিবৃতিতে বলেন, 'বেইত শেমেশ শহরে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয়জন নিহত হয়েছেন।'

ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর পরই দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।


হরমুজ প্রণালীতে জাহাজে 'অজ্ঞাত বস্তুর' আঘাত, ইঞ্জিন রুমে আগুন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে 'অজ্ঞাত বস্তুর' আঘাতের ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) আজ (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে অবস্থানরত ওই জাহাজটির উপরিভাগে (ওয়াটারলাইনের উপরে) অজ্ঞাত কোনো বস্তু এসে সজোরে আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।


ইরানের তাবরিজে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের পশ্চিমাঞ্চলীয় তাবরিজ বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় দেশটির দুটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত বিমান দুটি ছিল এফ-৫ এবং এফ-৪ মডেলের। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এই হামলার একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, 'ইরানের বিমান বাহিনীর সক্ষমতা কমিয়ে আনা এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।'


হরমুজ প্রণালীতে কয়েকশ জাহাজ আটকা, স্থবির হয়ে পড়ছে জ্বালানি সরবরাহ

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দুই পাশে আটকা পড়েছে কয়েকশ বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি বিশাল ট্যাঙ্কার হরমুজ প্রণালীর বাইরে পারস্য উপসাগরের খোলা পানিতে নোঙর করে আছে। এছাড়া এই সংকীর্ণ জলপথের অন্য পাশেও আরও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর পুরো অঞ্চলটি কার্যত যুদ্ধের মুখে পড়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তার খাতিরে জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে চলাচল বন্ধ রেখেছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, এসব ট্যাঙ্কার মূলত ইরাক, সৌদি আরব ও কাতার—এই প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর উপকূলীয় উন্মুক্ত জলসীমায় অবস্থান করছে।


যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর 'সহিংসতার চক্র' বন্ধের আহ্বান পোপ লিও-র

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন খ্রিস্টধর্মীয় গুরু পোপ লিও। একইসঙ্গে তিনি এই 'সহিংসতার চক্র' অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

পোপ বলেন, 'আমি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আন্তরিক আবেদন জানাচ্ছি যেন তারা এই সংঘাত থামানোর নৈতিক দায়িত্ব গ্রহণ করেন। পরিস্থিতি এমন এক অতল গহ্বরে পৌঁছানোর আগেই ব্যবস্থা নিতে হবে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না।'


বাহরাইনে মার্কিন নাগরিকদের হোটেল ছাড়ার নির্দেশ

বাহরাইনের রাজধানী মানামার হোটেলগুলো থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। ইরানি হামলায় হোটেলগুলো লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে মার্কিন সরকারি কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর এই জরুরি সতর্কতা জারি করা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস নিশ্চিত করেছে যে, মানামার 'ক্রাউন প্লাজা' হোটেলে একটি হামলার ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে মার্কিন নাগরিকদের হোটেল ত্যাগ করে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা অঞ্চলটিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।


ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নিন্দা উত্তর কোরিয়ার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে 'অবৈধ আগ্রাসন' এবং একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা 'প্রত্যাশিত' ছিল। যুক্তরাষ্ট্রের 'আধিপত্যবাদী ও গুণ্ডাসুলভ' আচরণের কারণে এমন ঘটনা ঘটা অনিবার্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই 'আগ্রাসী যুদ্ধ' কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।


ওমানের দুকম বন্দরে ইরানের হামলা 'গুরুতর লঙ্ঘন': জিসিসি প্রধান

ওমানের দুকম বন্দরে ইরানের হামলা এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে চালানো অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি। তিনি এই ঘটনাকে একটি 'গুরুতর নীতি লঙ্ঘন' এবং 'বিপজ্জনক উস্কানি' হিসেবে অভিহিত করেছেন।

জিসিসি প্রধান এক বিবৃতিতে বলেন, ইরানের এই কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ।

তিনি একে 'অগ্রহণযোগ্য উস্কানি' হিসেবে বর্ণনা করে বলেন, এমন আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে।

বিবৃতিতে আল-বুদাইওয়ি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সকল পক্ষের সংযম প্রদর্শন করা জরুরি। একইসঙ্গে তিনি আঞ্চলিক শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


খামেনির হত্যাকাণ্ডকে 'নৃশংস খুন' বলে অভিহিত করলেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনাকে তিনি একটি 'নৃশংস হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করেছেন।

রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, খামেনির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পুতিন।

পুতিন বলেন, 'খামেনির এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতার সমস্ত মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।'


তেহরানে 'শক্তিশালী বিমান হামলা' অব্যাহত রাখবে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

তেহরানে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী 'তীব্র ও শক্তিশালী' হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিবিড় অভিযান চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কাটজ বলেন, 'তেহরানের লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের হামলা পরিচালনার জন্য আমরা একটি নিরবচ্ছিন্ন 'এয়ার ব্রিজ' [ধারাবাহিক বিমান অভিযান ব্যবস্থা] গড়ে তুলব।'


সাইপ্রাস অভিমুখে ইরানের দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী

সাইপ্রাস অভিমুখে ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। বর্তমানে সাইপ্রাসে কয়েক হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।

জন হিলি বলেন, 'আমরা বিশ্বাস করি না যে সাইপ্রাসই এই ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল। তবে এটি প্রমাণ করে যে, এই অঞ্চলের একটি সরকার [ইরান] কীভাবে বেপরোয়া আচরণ করছে এবং তাদের মাধ্যমে সৃষ্ট হুমকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।'

প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান যে, গত শনিবার ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের মাত্র কয়েকশ মিটারের মধ্যে আঘাত হেনেছিল।


আজ জিসিসি পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীরা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

জিসিসি হলো আরব উপদ্বীপের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এর সদস্য রাষ্ট্রগুলো হলো: বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।


ইরানের অন্তর্বর্তীকালীন 'নেতৃত্ব পরিষদে' আলেম সদস্য নিযুক্ত হলেন আলিরেজা আরাফি 

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও বিশিষ্ট আলেম আলিরেজা আরাফিকে দেশটির 'নেতৃত্ব পরিষদের' জুরিস্ট বা আইনজ্ঞ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যতদিন পর্যন্ত পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না করবে, ততদিন পর্যন্ত এই পরিষদ সর্বোচ্চ নেতার যাবতীয় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে।

এই অস্থায়ী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ছাড়াও আরও দুইজন শীর্ষস্থানীয় ব্যক্তি রয়েছেন। তারা হলেন, ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মুসলিম বিশ্বের বিরুদ্ধে 'সরাসরি যুদ্ধ ঘোষণা': ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শিয়া বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা 'মুসলিমদের বিরুদ্ধে, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল।'

সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেওয়া এক শোকবার্তায় পেজেশকিয়ান বলেন, 'এই মর্মান্তিক ঘটনাটি আজ মুসলিম বিশ্বের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।'


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 'নজিরবিহীন' আঘাতের হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তারা সেই আঘাত অনুভব করেছে।'

তিনি আরও যোগ করেন, 'আজ আমরা তাদের ওপর এমন শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনো অনুভব করেনি।'

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, 'ইরান আজ খুব জোরে আঘাত করার কথা বলেছে, যা তারা আগে কখনো করেনি। কিন্তু তারা যেন তা না করে, কারণ যদি তারা এমনটা করে, তবে আমরাও তাদের ওপর এমন শক্তিতে আঘাত হানব যা আগে কখনো দেখা যায়নি!'


খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের 'কর্তব্য ও বৈধ অধিকার': প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়াকে ইরানের 'কর্তব্য এবং বৈধ অধিকার' বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

খামেনির মৃত্যু পর শোকার্ত জনতা সমবেত হয়েছে এনগেলাব স্কয়ারে, ১ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স

নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের কাছ থেকে ন্যায়বিচার প্রার্থনা এবং উপযুক্ত প্রতিশোধ নেওয়াকে নিজের দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনের জন্য ইরান তার সমস্ত শক্তি নিবেদন করবে।"


তেহরানের 'হৃৎপিণ্ডে' হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো তারা 'তেহরানের হৃৎপিণ্ডে' আঘাত হেনেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী 'আকাশপথের নিয়ন্ত্রণ নিতে ও তেহরানের পথ উন্মুক্ত করতে' বিশাল পরিসরে এই অভিযান চালিয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানে বিস্ফোরণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ছবি:এএফপি

হামলার পর তেহরান থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।


বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান আহমেদ ওয়াহিদি

ইরানি সংবাদপত্র হামশাহরি-র প্রতিবেদন অনুযায়ী, জেনারেল আহমদ ওয়াহিদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তেহরানে হামলায় নিহত হওয়া মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ওয়াহিদি এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও পঅরে ২০২৪ সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর আগপর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের নভেম্বর থেকে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অভ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওয়াহিদি এর আগে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান ছিলেন। 

জেনারেল আহমদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে খামেনির মৃত্যুর প্রতিবাদে মার্কিন কনস্যুলেটে ঢোকার চেষ্টা, সংঘর্ষে নিহত ৮

খামেনির মৃত্যুর প্রতিবাদে আজ পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইদি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, প্রাথমিকভাবে এমটি খান রোড থেকে ৬টি মরদেহ ও ১০ জন আহত ব্যক্তিকে করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। পঅরে হাসপাতালের ট্রমা সেন্টার থেকে জানানো হয়, সেখানে মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহিংসতার সময় গুলি, লাঠিচার্জ ও পদদলনের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

کراچی میں موجود امریکی کونسل خانے کو شہریوں نے آگ لگا دی۔ pic.twitter.com/170GukcXdB— Shehroz Azhar (@shehrozazhar1) March 1, 2026

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং বলপ্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। উচ্চ-নিরাপত্তা বেষ্টিত এই এলাকায় সংঘর্ষ তীব্রতর হওয়ায় উদ্ধারকর্মীরা শুরুতেই বেশ কিছু আহতের খবর দিয়েছিলেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। এছাড়া তিনি পুরো প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।


ইরানের সশস্ত্র বাহিনী চিফ অভ স্টাফ মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ মারা গেছেন 

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অভ স্টাফ আব্দুল রহিম মুসাভি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

ইরানের টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, তারা 'প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়' নিহত হন।

নাসিরজাদেহ ও মুসাভি। ছবি: সংগৃহীত

দুবাই, দোহা, তেল আবিবে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। 

অন্যদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে। 

এছাড়া ইসরায়েলের তেল আবিবে একাধিক বিস্ফোরণ হয়েছে। 


ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরায়েল: ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল এখন ইরানকে 'ভেঙে ফেলার' চেষ্টা করছে।

Large crowd of people in Isfahan hit streets to mourn Leader of Islamic Revolution martyrdom pic.twitter.com/wpofOyCJgu— Press TV ? (@PressTV) March 1, 2026

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস-এ প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি 'শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বড় দেশগুলোকে টুকরো টুকরো করা ছাড়া আর কোনো পথ দেখছে না।'

লারিজানি এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'লুণ্ঠনের আদর্শ প্রতীক' হিসেবে আখ্যায়িত করেন এবং ইরানের সম্পদ দখলের চেষ্টার অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, 'আমেরিকা এবং জায়নবাদী গোষ্ঠী ইরানি জাতির হৃদয় পুড়িয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব।'


আজই গঠিত হচ্ছে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ: লারিজানি

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জানিয়েছেন, আজই দেশে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হবে।

আলী লারিজানি। ছবি: সংগৃহীত

নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি নির্বাচনের আগপর্যন্ত এই পর্ষদ সাময়িক শাসনব্যবস্থা হিসেবে কাজ করবে।


ইরান মার্কিন মিত্রদের ওপর হামলা করলে 'নজিরবিহীন শক্তি' ব্যবহারের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা না করতে জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন: 'ইরান এইমাত্র জানিয়েছে, তারা আজ ভীষণ কঠোর আঘাত হানতে যাচ্ছে, যা তাদের আগের যেকোনো হামলার চেয়েও শক্তিশালী হবে। তবে তাদের এমন হামলা না করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ তারা যদি আঘাত হানে, তবে আমরা তাদের ওপর এমন শক্তি নিয়ে আঘাত করব আগে কখনো দেখা যায়নি!'

ছবি: এপি

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসি-র

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ষষ্ঠ দফার হামলা শুরু করেছে।

সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল ও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে 'ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন' হামলা চালিয়েছে তারা। তাদের দাবিমতে, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নভ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া ও একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বাহরাইনের মানামায় বিস্ফোরণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: রয়টার্স

 

ইরানের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা ১৪৮-এ পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে 'বর্বোরোচিত কাজ' বলে উল্লেখ করেছেন। 

স্কুলটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি ঘাঁটির কাছে অবস্থিত।

ছবি: সংগৃহীত

খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। 

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

পাকপুর ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় পূর্বসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে তিনি ১৬ বছর আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

আলী শামখানি ও মোহাম্মদ পাকপুর। ছবি: এএফপি

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

সামরিক বাহিনীর এই ঘোষণার পর মধ্য-ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি 'সতর্কতামূলক নির্দেশনা' পাঠিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।

ছবি: হারেৎজ

খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ রেজা পাহলভির, ধন্যবাদ দিলেন ট্রাম্পকে

খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। 

এরপর ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে পাহলভি তার চিন্তাভাবনা আরও বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

রেজা পাহলভি লিখেছেন, গত প্রায় অর্ধশতাব্দী ধরে ইরান প্রতিবেশীদের সার্বভৌমত্ব খর্ব করেছে, বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও তা বহনের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে কাজ করেছে।

পাহলভি বলেন, ইরানের আগামীর পথে নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর 'আন্তর্জাতিক তত্ত্বাবধানে' অবাধ নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

ছবি: এএফপি

তিনি লিখেছেন, 'ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা দেয়। কিন্তু এমন সময় আসে, যখন সাহস, নেতৃত্ব ও সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে।'


খামেনি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে 'জঘন্য অপরাধ' উল্লেখ করে উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'এই জঘন্য অপরাধের কোনো জবাব দেওয়া হবে না—এমনটি ভাবার কারণ নেই। এটি ইসলামি বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত খরস্রোতা ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধের শিকড় উপড়ে ফেলবে।'

মাসুদ পেজেশকিয়ান ও আয়াতুল্লাহ খামেনি। ছবি: সংগৃহীত

এতে আরও বলা হয়, 'ইসলামি উম্মাহ ও বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থন নিয়ে আমরা এবারও আমাদের সর্বশক্তি ও সংকল্প দিয়ে এই বিশাল অপরাধের কারিগর ও নির্দেশদাতাদের অনুতপ্ত হতে বাধ্য করব।'


সর্বোচ্চ নেতার স্মরণে তেহরানে জনতার ঢল

রোববার ভোর হওয়ার সাথে সাথে সর্বোচ্চ নেতা খামেনির স্মরণে তেহরানে জড়ো হতে শুরু করেছেন সরকারপন্থী সাধারণ মানুষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, তেহরানের রেভল্যুশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল মানুষ সমবেত হয়েছেন। উপস্থিত জনতাকে পতাকা নাড়াতে, স্লোগান দিতে ও খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে শোক পালন করতে দেখা যায়।

ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরিব-এর ফুটেজে দেখা গেছে, হযরত ফাতেমা মাসুমেহর মাজারে উপস্থিত ইরানিরা 'আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক' দিচ্ছেন।


ইরানের ক্ষমতার পালাবদল তদারকি করবেন প্রেসিডেন্টসহ তিনজন

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদল তদারকি করতে অন্তর্বর্তী সময়ের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ইরান। এই কমিটিতে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ। গার্ডিয়ান কাউন্সিল ইরানের পার্লামেন্ট প্রণীত আইন যাচাই-বাছাই করার ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। তিন সদস্যের এই কাউন্সিল সাময়িকভাবে দেশের যাবতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

ছবি: রয়টার্স

ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অভ লিডারশিপ এক্সপার্টস এখন খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে থাকা ইরানে নিরাপত্তার কারণে দ্রুত সবার সমাবেশ করা কঠিন হয়ে পড়তে পারে।

খামেনি নিজেও রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই উত্তরসূরি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।


শিগগিরই 'বিধ্বংসী অভিযান' শুরুর ঘোষণা আইআরজিসির

সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু পর ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে সংস্থাটি ঘোষণা করেছে, তারা 'ইসলামিক রিপাবলিক অভ ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান' শুরু করতে যাচ্ছে।

খামেনির ছবি হাতে এক সমর্থক

আইআরজিসি বলেছে, 'কিছুক্ষণের মধ্যেই' এই অভিযান শুরু হবে। তাদের এই হামলার লক্ষ্যবস্তু হবে এ অঞ্চলের 'দখলকৃত এলাকা ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো'।


নিজের কার্যালয়েই নিহত হন খামেনি: রাষ্ট্রীয় টিভি 

রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলোতে উপস্থাপকদের পড়ে শোনানো বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে— আয়াতুল্লাহ খামেনি শনিবার ভোরে তার কার্যালয়ে দায়িত্ব পালন করার সময়ই নিহত হন।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই তেহরানে অবস্থিত 'লিডারশিপ হাউস' কমপ্লেক্সের কিছু অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে। এই স্থানটিই খামেনির কার্যালয়।

যে কম্পাউন্ডে হামলা করে খামেনিকে হত্যা করা হয়েছে। ছবি: এপি

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি বলেছে, অফিসে খামেনির মৃত্যু প্রমাণ করে যে, তিনি 'আত্মগোপনে' ছিলেন—এমন দাবি ছিল 'শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ'।


মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি: রাষ্ট্রীয় টেলিভিশন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে রাষ্ট্রীয় টিভির এক উপস্থাপক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দেশজুড়ে ৪০ দিনের শোক পালন করা হবে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টিভি আরও জানিয়েছে, খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। ফাইল ছবি: রয়টার্স

বর্তমানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএন খামেনির বিভিন্ন ছবি প্রচার করছে। যার বাকোগ্রাউন্ডে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে এবং পর্দার বাম পাশে কালো শোকবার্তা প্রদর্শন করা হচ্ছে।

এর আগে, উপস্থাপক ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি পড়ে শোনান। সেখানে খামেনির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়। 

বিবৃতিতে বলা হয়, খামেনির "শাহাদাত" নিপীড়কদের বিরুদ্ধে সংগ্রামে এক নতুন জাগরণের সূচনা করবে।


ইরানের সর্বোচ্চ নেতা খামেনি 'বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে', দাবি নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর 'বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে' বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।

ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। তবে ইরানের পক্ষ থেকে খামেনির পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের মিনাবে স্কুলে ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা। ছবি: এপি

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানের নাগরিকদের 'রাস্তায় নেমে আসার এবং কাজ শেষ করার' আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে খামেনি নিহত হয়ে থাকতে পারেন—এমন অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে। নেতানিয়াহু বলেন, 'আজ সকালে আমরা স্বৈরশাসক খামেনির কম্পাউন্ড ধ্বংস করেছি।'


হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের 'অনুমতি নেই': জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) থেকে ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে "হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না"।

দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেনি।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / ইরানে হামলা / ইরান-যুক্তরাষ্ট্র / ইরান-ইসরায়েল / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • ইরান যুদ্ধে লাভবানদের মধ্যে আছে রাশিয়া, বাংলাদেশসহ আরো যারা চাপে
  • ইরানের খারগ দ্বীপে হামলা; ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছেন ২,৫০০ মার্কিন মেরিন সেনা
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net