সাজেক ভ্যালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, কাল থেকেই যেতে পারবেন পর্যটকরা
পার্বত্য জেলা রাঙামাটির অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ফলে আগামীকাল শুক্রবার থেকেই স্বাভাবিকভাবে সাজেকে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারীকৃত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ কার্যালয়ের গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে জারীকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
এর আগে গত ১১ অক্টোবরের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে ওইদিন (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে সে সময় সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবরের বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি সাজেক এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে সাজেক ভ্যালিতে ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন।
