জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, ফেরত দিলেন আইজিপি
বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে এসে হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার শেষে ফেরত পেলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে ম্যাকবুকটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। সফর শেষে গত ৭ অক্টোবর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাটোর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান তিনি। স্টেশনের ওয়েটিং রুমে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান ওই পর্যটক। কিন্তু ফিরে এসে স্থানটিতে জিনিসপত্র না পেয়ে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।
হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে তার গত ছয় মাসের কাজের তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। পর্যটকের লিখিত আবেদনের প্রেক্ষিতে ল্যাপটপ ও ক্যামেরাটি উদ্ধারে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম সমন্বিত অভিযান শুরু করে।
পরবর্তীতে একাধিক টিমের নিরলস প্রচেষ্টায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
ল্যাপটপটি ফিরে পেয়ে ক্রিল ল্যান্ডার-ওয়েবার বাংলাদেশ পুলিশের তৎপরতা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের সময় নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এদিকে বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কারে ভূষিত করেন আইজিপি।
পুরস্কার প্রদানকালে আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ, আন্তরিকতা ও দলগত সাফল্যের প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করা, দেশি-বিদেশি সকল নাগরিকের নিরাপত্তা বিধান, জনগণের আস্থা অর্জন এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার কড়া নির্দেশনা প্রদান করেন।
