সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ১৭ সদস্যের কমিটি
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা করে মতামত ও সুপারিশ দেওয়ার জন্য সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গতকাল (৫ অক্টোবর) এক সরকারি নোটিশের মাধ্যমে এ কমিটি গঠন করে।
নোটিশে বলা হয়েছে, চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে কমিটির সদস্যদের খসড়া আইনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ দিতে হবে। কমিটিতে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম, সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের রাখা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য নিউ এজের সম্পাদক নুরুল কবীর, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, আরটিভির বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, এবিনিউজ২৪.কমের সম্পাদক শাহীন চৌধুরী, রাজনীতি.কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। কমিটিতে দৌলত আক্তার মালাকে নারী প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।
সরকারি নোটিশে বলা হয়েছে, সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ দেওয়ার জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সমন্বয়ে এই পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
