জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সেক্রটেরিয়েট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার বহুমাত্রিক সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক নানা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধান এবং জাতিসংঘের বিশ্বশান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারমূলক খাত ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের ওপর জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতাবাদ এবং বিশ্বশান্তি ও টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ সংস্থার দীর্ঘদিনের সুদৃঢ় ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
