দ্রুত বিদ্যুৎ উৎপাদনে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-রোসাটম
জাতীয় গ্রিডে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ শুরু করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণু শক্তি কর্পোরেশন 'রোসাটম'।
ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের ফাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বৈঠকে দুই পক্ষ রূপপুর প্রকল্পের সর্বাধুনিক অগ্রগতি পর্যালোচনা ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অনুসারে কাজ ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
এ সময় আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা মান এবং সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রেখে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
জবাবে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ আশ্বাস দিয়ে জানান, রোসাটমের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য নিরবচ্ছিন্ন কারিগরি ও কৌশলগত সমর্থন অব্যাহত থাকবে।
বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদৃঢ় প্রতীক হিসেবে দুই দেশের প্রতিনিধি স্মারক উপহার বিনিময় করেন। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
