সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিলেটে এবার নিজ বাসার সামনে আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হতা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে সিলেটের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
রাতেই শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সোমবার সকালে ব্যবসায়ীকে হত্যার তথ্য নিশ্চিত করেন সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।'
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, 'রাতে এলাকার ভাই এসে বলেন, আমার বাবাকে কারা যেন আটকে রেখেছে। আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান।'
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহবুদ্দিন। এক ছেলে ফ্রান্সে থকেন।
শাহবদ্দিনের স্ত্রী বলেন, কারো সাথেই তার স্বামীর কোনো বিরাধ নেই।
এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে বাসার ভেতরে সপরিবারে এক ব্যবসায়ী খুন হন। ওইদিন সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার বাসায় তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
