রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য ২ সদস্য হলেন—বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। এই কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করবে। কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিল। তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারও নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
