জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে।
তিনি জানান, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে তিনি সরকারপ্রধানের কাছে বিষয়টি তুলে ধরবেন এবং দ্রুততম সময়ে বিচার কার্যকরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করবেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
এর আগে প্রতিমন্ত্রী শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
প্রতিমন্ত্রী জানান, তিনি জুলাইয়ের স্বপক্ষের একজন রাজনৈতিক কর্মী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে চান, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের প্রত্যেকের বিচার হোক। একই সঙ্গে বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডসহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, 'শুধু বিচার সম্পন্ন করাই যথেষ্ট নয়, সেই বিচার কার্যকরও করতে হবে।'
তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে না।'
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহীদ ওয়াসিম আকরামের বাবা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, 'কোটা নয়, মেধা' স্লোগানে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে গড়ে ওঠা জুলাই আন্দোলনের অন্যতম শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। মৃত্যুকালে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
