কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মইনুদ্দীন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
অন্যদিকে আটক দুজনের মধ্যে একজনের নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী জানান, লোকজনকে সঙ্গে নিয়ে লিয়াকত আলী আদালত থেকে বেরিয়ে ফটকে এসে দাঁড়ালে খালেদ নামের একজন প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। লিয়াকত আলী দ্রুত সরে যাওয়ায় গুলি লাগে তার চাচাতো ভাই মইনুদ্দীনের পায়ে। এ সময় লিয়াকত আলীর লোকজন গুলি করতে আসা জিয়াউল হককে ধরে ফেললে অস্ত্রধারীদের আরেকজন গুলি ছোড়েন। একপর্যায়ে অস্ত্রধারীরা আদালতের ভেতরের রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান জানান, পুলিশ দুজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে। ঘটনায় গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
