ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বিদেশি দূতাবাস, হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলোকে রেমিট্যান্স সুবিধা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (১১ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ক্ষেত্রে ভিসা পেতে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট বাধ্যতামূলক, সেখানে ব্যক্তিগত ভিসা আবেদনকারীদের পক্ষে ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠাতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের যেসব জটিলতার মুখোমুখি হতে হয়, তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'সহজভাবে বলতে গেলে, এখন থেকে বিদেশি দূতাবাস বা হাইকমিশন যদি ভিসা দেওয়ার আগে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে রাখতে বলে, তাহলে সেই টাকা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে বৈধভাবে পাঠানো যাবে।'
তিনি আরও বলেন, 'অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ কিছু উন্নত দেশ ভিসা আবেদনকারীদের কাছে আর্থিক নিশ্চয়তা চায়। উদ্দেশ্য হলো— আবেদনকারী নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে আসবে কি না, তা নিশ্চিত হওয়া। আগে এই ধরনের বন্ড বা ডিপোজিট পাঠাতে অনেক জটিলতা ছিল। এখন বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে পুরো প্রক্রিয়াটি সহজ হবে।'
সার্কুলার অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের অর্থ আগাম লোড করা থাকবে। এছাড়া ট্রাভেল এনটাইটেলমেন্ট সুবিধার আওতায় বিদ্যমান আন্তর্জাতিক কার্ডধারীরাও একই উদ্দেশ্যে তাদের কার্ডে অর্থ পুনরায় লোড করতে পারবেন, তবে সেই অর্থ শুধু ভিসাসংক্রান্ত প্রয়োজনেই ব্যবহার করতে হবে।
বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার আওতায় রপ্তানিকারকদের রিটেনশন কোটার (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব অথবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডে থাকা অর্থের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
ব্যাংকার ও সংশ্লিষ্ট খাতের ব্যক্তিদের মতে, নতুন এ নীতির ফলে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ক্ষেত্রে, যেখানে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আর্থিক নিশ্চয়তা প্রয়োজন হয়।
