Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
28 April, 2026, 09:00 am
Last modified: 28 April, 2026, 09:24 am

Related News

  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • লোডশেডিং চলবে কতদিন?
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
28 April, 2026, 09:00 am
Last modified: 28 April, 2026, 09:24 am
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে আজ থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হচ্ছে। এর মাধ্যমে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

পারমাণবিক বিদ্যুৎ শিল্পের জগতে বাংলাদেশ এক নতুন নাম। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মাণকাজ শুরুর—আট বছরেরও বেশি সময় পর আজ থেকে পরীক্ষামূলক উৎপাদনের (ট্রায়াল রান) আগের ধাপে প্রবেশ করছে, দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত এই প্রকল্পের প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই হয়েছিল ২০১৭ সালের ৩০ নভেম্বর এবং দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ১৪ জুলাই। প্রকল্পটির দুটি ইউনিট পুরোপুরি সম্পন্ন হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ শতাংশ যোগান দেবে।

ফুয়েল লোডিং মানেই ট্রায়াল রান নয়; তবে এটি একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নির্মাণ পর্যায় থেকে পরিচালনা পর্যায়ে নিয়ে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর অর্থ হলো রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম প্রবেশ করানো। এর ফলে নিরাপত্তা যাচাইয়ের একটি প্রক্রিয়া শুরু হবে, যা ট্রায়াল রানের আগে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্র এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত প্রকল্প এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সচিব মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফুয়েল লোডিং শুরু হওয়ার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পর প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হবে। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ প্রথম ইউনিটের সক্ষমতার পুরো ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, ১,২০০ মেগাওয়াট সক্ষমতার দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং চলতি বছরের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রটির অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, যা পরবর্তীতে আরও ২০ থেকে ৩০ বছর বাড়ানো সম্ভব। উল্লেখ্য, গত বছরের আগস্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নিরাপত্তা মান ও পরিচালনা পদ্ধতি পরিদর্শন করে একটি প্রাক-অপারেশনাল সেফটি রিভিউ মিশন পরিচালনা করেছিল।

কতটা সাশ্রয়ী হবে রূপপুরের বিদ্যুৎ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাধারণভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রাথমিক খরচ বেশি হলেও— দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ তুলনামূলক কম হয়। কারণ, এর জ্বালানি খরচ স্থিতিশীল এবং কম পরিবর্তনশীল। 
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রত্যাশিত আয়ুষ্কাল প্রায় ৬০ থেকে ৮০ বছর, ফলে দীর্ঘ সময়ে এর উৎপাদিত বিদ্যুতের গড় খরচ কমে আসে। ধারণা করা হচ্ছে, কনভেশনাল উৎসের বিদ্যুতের চেয়ে কম দামে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

তিনি বলেন, "যদিও বিদ্যুতের সুনির্দিষ্ট ট্যারিফ (দাম) এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্ধারণ করা হবে বিভিন্ন সংস্থা ও অংশীজনের সঙ্গে আলোচনা, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং অন্যান্য আর্থিক বিশ্লেষণের মাধ্যমে।"

তবে রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট একজন উর্দ্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে নিজস্ব গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়ে রূপপুরের বিদ্যুতের দাম কিছুটা বেশি হতে পারে, তবে কয়লা ও  ফার্নিস অয়েলের চেয়ে কম হবে। "আশা করা হচ্ছে, সার্বিক স্থাপনা ও উৎপাদন খরচ বিবেচনায় ইউনিট প্রতি দাম ৪ টাকা থেকে ৮ টাকার মধ্যে হবে," তিনি জানান।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান, রূপপুর প্রকল্পের ট্যারিফ প্রস্তাব সংক্রান্ত একটি প্রতিবেদন ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হয়েছে। ফুয়েল লোডিংয়ের পরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগেই বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে রূপপুর প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ চূড়ান্ত করা হবে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, প্রকৃত উৎপাদন খরচের ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হলে গ্রাহকরা প্রকৃত সুফল পাবেন।

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ভারতে পুরনো কেন্দ্রগুলোর ট্যারিফ প্রতি ইউনিটে ৩.৯৪ থেকে ৬.৫২ টাকা হলেও নতুন প্রকল্পে তা ৯.১১ টাকা পর্যন্ত হয়। বর্তমানে ৮.৭ গিগাওয়াট সক্ষমতা থাকা ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। পাকিস্তানে প্রতি ইউনিটের খরচ প্রায় ৭.০২ টাকা এবং চীনে ৭.৩৮ থেকে ৮.৬২ টাকা।

পূরণ হচ্ছে ৬৫ বছরের স্বপ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য স্থান নির্বাচন করা হয়েছিল পাকিস্তান আমলে ১৯৬২ সালে। স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়া হয় এবং পারমাণবিক শক্তি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়। কিন্তু, নানান কারণেই কয়েক দশক ধরে প্রকল্পটি বাস্তবায়নে অগ্রগতি ধীর ছিল।

২০০৯ সালের পর এই ইস্যুটি গতি পায় এবং পারমাণবিক বিদ্যুৎকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্তর্ভুক্ত করা হয়। ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়নের পথ প্রশস্ত হয়। ২০১৫ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার জেএসসি অ্যাটমস্ট্রোয় এক্সপোর্টের সঙ্গে ২,৪০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণের চুক্তি করে। ১২.৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে সাধারণ নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়।

কর্মকর্তারা বলছেন, রূপপুর প্রকল্পের ব্যয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ভিভিইআর-১২০০ ভিত্তিক অন্যান্য কেন্দ্রের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হাঙ্গেরি দুটি ইউনিটের জন্য ব্যয় করেছে ১৩.২ বিলিয়ন ডলার, বেলারুশ ১১ বিলিয়ন ডলার। অন্যদিকে তুরস্ক ও মিশর চারটি করে ইউনিটের জন্য যথাক্রমে ২০ ও ৩০ বিলিয়ন ডলার ব্যয় করছে।

এদিকে ভিয়েতনামের নিন থুয়ান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বর্তমানে অন্তত ২২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে বলে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক (মার্চ ২০২৬) তথ্যে জানা গেছে।

তবে ভারতের ক্ষেত্রেও একই ধরনের প্রকল্প রয়েছে, যেখানে খরচ কম। ভারতে ভিভিইআর-১২০০ প্রযুক্তি ব্যবহার করে ২টি ইউনিট নির্মাণে প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। ভারতের এই ব্যয় মূলত যন্ত্রপাতি বা রিঅ্যাক্টর স্থাপনের খরচ, এর বাইরে অবকাঠামো, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় আলাদাভাবে বহন করা হয়েছে। ফলে সরাসরি তুলনা করলে, বাংলাদেশের প্রকল্পকে বেশি ব্যয়বহুল মনে হলেও—বাস্তবে তা সম্পূর্ণ চিত্র তুলে ধরে না।

সবুজ জ্বালানি ও প্রযুক্তি স্থানান্তর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে– এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পই থাকবে না; বরং দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে।

তিনি বলেন, "এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি উৎস। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ খুবই কম, ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সচিব বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর হচ্ছে। বাংলাদেশে নতুন একটি উচ্চপ্রযুক্তি খাত গড়ে উঠছে, যেখানে দেশীয় প্রকৌশলী, বিজ্ঞানী ও টেকনিশিয়ানরা প্রশিক্ষণ পাচ্ছেন এবং দক্ষ হয়ে উঠছেন। ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সরাসরি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন, যা কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নে বড় অবদান রাখছে।"

তিনি বলেন, এই  প্রকল্পকে কেন্দ্র করে দেশে বিভিন্ন সহায়ক শিল্প গড়ে উঠবে। "বাংলাদেশ বর্তমানে তেল, গ্যাস ও কয়লার মতো আমদানি-নির্ভর জ্বালানির ওপর অনেকটাই নির্ভরশীল। রূপপুর কেন্দ্র চালু হলে এই নির্ভরতা কমবে, ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।"

আনোয়ার হোসেন আরো বলেন, এই প্রকল্পের মাধ্যেমে দেশের মোট বিদ্যুতের প্রায় ১০ থেকে ১২ শতাংশ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবে; যা শিল্প, কৃষি ও দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বৈশ্বিক প্রেক্ষাপট

বর্তমানে বিশ্বের প্রায় ৩১টি দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে, যা বিশ্বের মোট বিদ্যুতের প্রায় দশভাগের একভাগ সরবরাহ করে। আইইএ-এর তথ্যমতে, ফ্রান্সে সবচেয়ে বেশি বা মোট বিদ্যুতের ৬৫ শতাংশ আসে পারমাণবিক উৎস থেকে। এরপরেই স্লোভাকিয়া, ইউক্রেন, হাঙ্গেরি ও ফিনল্যান্ডে এই হার ৪১ থেকে ৬৩ শতাংশ (২০২৩ পর্যন্ত হিসাবে)।

অন্যান্য প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ও রাশিয়ায় মোট বিদ্যুতের ১৮ শতাংশ আসে পারমাণবিক উৎস থেকে। এ ছাড়া জাপানে এই হার ৯ শতাংশ, চীনে ৫ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ২০ শতাংশ এবং ইরানে ২ শতাংশ। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান তাদের মোট বিদ্যুতের প্রায় ১৬ শতাংশ পারমাণবিক উৎস থেকে উৎপাদন করে, যেখানে ভারতে এই হার প্রায় ৩ শতাংশ।

বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও, পরিচ্ছন্ন জ্বালানির দিকে ঝুঁকে পড়ার অংশ হিসেবে চীন দ্রুত তাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ করছে।

সাধারণত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ব্যয় কয়লা ও গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্রের তুলনায় অনেক কম। ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রতি মেগাওয়াট ঘণ্টায় প্রায় ৪৮.২ ডলার, যেখানে কয়লার ক্ষেত্রে এই খরচ ৬৪ থেকে ৯৫ ডলার। রাশিয়ায় পারমাণবিক বিদ্যুতের খরচ সবচেয়ে কম—প্রতি মেগাওয়াট ঘণ্টায় মাত্র ২৭.৪ ডলার। অন্যদিকে, চীনে পারমাণবিক বিদ্যুতের খরচ ৫০ ডলার, যেখানে কয়লার জন্য খরচ হয় ৭১ ডলার এবং গ্যাসভিত্তিক বিদ্যুতের ক্ষেত্রে ৮১ ডলার।

অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের অধিকাংশ দেশেই কয়লা ও গ্যাসের তুলনায় পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি সাশ্রয়ী।

 

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / রূপপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • লোডশেডিং চলবে কতদিন?
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net