জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।
এ বিষয়ে টিবিএসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও পুলিশের বিভিন্ন ইউনিটের অন্তত তিনজন কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) নাগাদ এই সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই জঙ্গি গোষ্ঠীটি হামলা চালানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে।
এই সতর্কবার্তাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি-সহ পুলিশের সব প্রধান প্রধান ইউনিট ও জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, এ ধরনের সতর্কতা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ। তবে এটি উগ্রবাদী হুমকির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সতর্কতার প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।
নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
