চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম নগরের পৃথক তিনটি এলাকায় একই দিনে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (২৪ এপ্রিল) এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলো শেয়ার করা হয়েছে।
ভিডিওগুলোতে নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ এবং এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। ফেসবুক পোস্টগুলোর দাবি অনুযায়ী, জিইসি এলাকায় সকালবেলায় এবং লালখান বাজার ও সিআরবি এলাকায় জুমার নামাজের পর মিছিলগুলো অনুষ্ঠিত হয়।
ভিডিওতে দেখা যায়, জিইসি এলাকা থেকে শুরু হওয়া একটি মিছিল গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হয়। এতে এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন অংশ নেন এবং আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দেন।
অন্যদিকে, সিআরবি এলাকা থেকে শুরু হওয়া আরেকটি মিছিল টাইগারপাসের দিকে যেতে দেখা যায়। সেখানে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। একই সময় দুই নম্বর গেট এলাকায় লাল টুপি পরিহিত একটি দলকেও মিছিল করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ টিবিএসকে বলেন, "ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
