৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামের লোহাগাড়ায় ছয় লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় কয়েক শত মানুষ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা পৌনে ১টা) অবরোধ অব্যাহত ছিল।
এতে মহাসড়কের দুই পাশে অন্তত চার কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, অবরোধকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তাদের অভিযোগ, সরু দুই লেনের এই মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ও যানজটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করার ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।
আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আমিনুল এহেসান বলেন, 'দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি।'
এক মাসের মধ্যে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার সুস্পষ্ট ঘোষণা না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক ছাড়তে অনুরোধ করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
ওসি আবদুল জলিল বলেন, 'ছয় লেনের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
