সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার সদর উপজেলা ও মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদের জামাত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে সাতক্ষীরা সদর উপজেলা ছাড়াও তালা, কলারোয়াসহ জেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। তিনি বলেন, "সারা পৃথিবীতে একই সঙ্গে ঈদ হবে এটা আল্লাহর বিধান, রাসুলের বিধান। আমরা চাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বে একই দিনে ঈদ উদযাপিত হোক। আজ ঈদ উদযাপন করতে পেরে আমরা খুশি।"
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা পালন করেছেন এবং আজ ঈদ উদযাপন করছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা, মোল্লাকান্দি ও শিলইসহ পাঁচটি গ্রামে আজ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকালে এসব গ্রামের পৃথক ঈদগাহ ও মসজিদে ৪ শতাধিক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন।
স্থানীয়ভাবে অনুসৃত জাহাগীর তরিকার অনুসারীরা জানান, পৃথিবীর যেকোনো প্রান্তে নতুন চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিত—এই ধর্মীয় বিশ্বাস থেকেই তারা দীর্ঘ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।
