‘স্বৈরাচারের দোসর’ রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির
রাষ্ট্রপতিকে মো. সাহাবুদ্দিনকে 'স্বৈরাচারের দোসর' আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।
আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, 'আজকে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং ছিল। মিটিংয়ে সভাপতিত্ব করেছেন আমিরে জামায়াত এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।'
তিনি বলেন, 'আগামীকাল যে সংসদ অধিবেশন বসবে, সেই অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের এমপিদের ভূমিকা কী হওয়া উচিত, সে ব্যাপারে কিছুটা দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্যই নতুন, সে কারণেই সংসদের ফরমালিটিজ, ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা—এসব বিষয়ে আমরা তাদেরকে কিছুটা ব্রিফিং দিয়েছি।'
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাহের বলেন, 'আমরা মনে করি, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই—স্বৈরাচারের দোসর—বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটাও আপনারা কালকে জানবেন।'
সংসদের নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াত একটি সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তাহের। তবে তা এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। তিনি বলেন, 'স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে। তবে এটা যখন প্রস্তাব আসবে, তখন এটা আমরা জানাবো। তখনই বলব, কিন্তু একটা সিদ্ধান্ত আমাদের হয়েছে। আজকে সেটা আমরা বলছি না।'
