বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, ইতিবাচক সাড়া রাষ্ট্রদূতের
বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।" তিনি উল্লেখ করেন যে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং এ দেশে অনেক বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হবে।" তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কাজ করছেন। উন্নয়ন ও নিরাপত্তা পারস্পরিক সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপের আহ্বান জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।
বৈঠকে রাষ্ট্রদূত চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য 'International Alliance Combating Telecom and Cyber Fraud' জোটে বাংলাদেশের যোগদানের অনুরোধ জানান এবং এ সংক্রান্ত প্রস্তাব যথাযথ চ্যানেলে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন। জবাবে মন্ত্রী দু'দেশের মধ্যে 'Plan of Action on Law Enforcement Training Cooperation' সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ায় এটি পুনরায় রিভিউ বা পর্যালোচনা করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী সুবিধাজনক সময়ে চীন সফর করবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আলোচনায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ খাতে সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি চীন সরকারের জননিরাপত্তা মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং মন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণ জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
