চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরে ফারুক ওরফে কালা ফারুক নামে এক 'চিহ্নিত চাঁদাবাজকে' গ্রেপ্তারের পর সড়কে ঘুরিয়ে মাইকিং করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ ফারুককে হ্যান্ডকাফ পরিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে ঘোরায়। তখন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, 'চাঁদাবাজকে ধরেছি। আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইতে এলে ধরে আমাদের খবর দেবেন।'
এ সময় ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ বিষয় জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ফারুক ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।'
তিনি আরো বলেন, নাগরিকরা যাতে ভয় না পায়, সচেতন হয় সেজন্য তাকে সড়কে ঘোরানো হয়েছে। এর মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
