ভঙ্গুর স্থিতিশীলতা, দুর্বল বিনিয়োগ, সংকুচিত রাজস্ব সক্ষমতা—নতুন সরকারের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ: সিটিজেন প্ল্যাটফর্ম
ভঙ্গুর সামষ্টিক স্থিতিশীলতা, দুর্বল বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান, এবং সংকুচিত রাজস্ব সক্ষমতা নতুন সরকারের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ বলে জানিয়েছে এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্লাটফর্ম, বাংলাদেশ।
গবেষণা সংস্থাটি বলেছে, 'টালমাটাল অবস্থা থেকে অর্থনীতিকে স্থিতিশীল পথে ফেরাতে হলে এসব কাঠামোগত চ্যালেঞ্জ দ্রুত মোকাবিলা করা জরুরি।'
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে 'নতুন সরকারের সূচনাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনা' শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, 'বৈশ্বিক মূল্যস্ফীতি কমলেও দেশে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়েই রয়ে গেছে। জানুয়ারিতে ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের ৭ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।'
তিনি বলেন, 'খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও অখাদ্য খাতে তেমন স্বস্তি আসেনি। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কম থাকায় শ্রমজীবী মানুষের প্রকৃত আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
মিডিয়া ব্রিফিংয়ে সিটিজেন প্লাটফর্ম জানিয়েছে, বিনিময় হার কিছুটা স্থিতিশীল হওয়ায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যাওয়ায় পরিশোধ ভারসাম্যের ওপর চাপ কিছুটা কমেছে। তবে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতা এবং উন্মুক্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা সংগ্রহ—দুই মিলিয়ে অর্থ সরবরাহ বাড়ছে।
ব্রিফিংয়ে আরোও বলা হয়, বেসরকারি বিনিয়োগের স্থবিরতার কারণে কর্মসংস্থানও কমেছে। ২০২৫ অর্থবছরের প্রথমার্ধে দেশে প্রায় ২১ লাখ চাকরি হারিয়েছে বলে উপস্থাপনায় উল্লেখ করা হয়।
রাজস্ব সক্ষমতা সংকুচিত হওয়ার বিষয়টি তুলে ধরে তৌফিকুল ইসলাম খান বলেন, 'অভ্যন্তরীণ রাজস্ব আহরণ দিয়ে এখন আর পুনরাবৃত্ত ব্যয় মেটানো যাচ্ছে না। ঋণ পরিশোধে নতুন করে ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে। দুর্বল রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বহির্ভূত ব্যয়ের চাপ নীতিগত পরিসর সংকুচিত করছে। ২০২৫ ও ২০২৬ অর্থবছরে এডিপি ব্যয় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।'
এ প্রেক্ষাপটে চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য কঠোর বাজেট সীমা নির্ধারণসহ একটি অর্থনৈতিক স্থিতিশীলতা পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে সিটিজেন প্লাটফর্ম। পাশাপাশি আগামী অর্থবছরের জন্য বাস্তবায়নযোগ্য বাজেট কাঠামো প্রণয়ন, বহুপক্ষীয় উন্নয়ন ফোরাম গঠন এবং নির্দিষ্ট সময়সীমাসহ সংস্কার রোডম্যাপ বাস্তবায়নের তাগিদ জানিয়েছে সংস্থাটি।
এলডিসি উত্তরণ কৌশল কার্যকর করা এবং বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে সামষ্টিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছে সিটিজেন প্লাটফর্ম।
