পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, দেশ ‘ওভার রেগুলেটেড’ হয়ে গেছে: অর্থমন্ত্রী আমীর খসরু
'পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না' উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।
আজ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা একেবারে খুব খারাপ। আমাদেরকে প্রথমে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলার অনুপস্থিতিতে আমরা যত বড় প্রোগ্রামই নেই এগুলো কাজ করবে না। এটা হচ্ছে এক নাম্বার।'
তিনি বলেন, 'দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমি আমরা যেটা বলেছি গণতান্ত্রিক করতে হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, ওভার রেগুলেটেড কান্ট্রি। তৃতীয় আমাকে এগুলো সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারালাইজেশন করতে হবে। লেভেল প্লেইয়িং ফিল্ড তৈরি করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশ গ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়।'
