গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানো হয়েছে।
সাফিকুর রহমানের পাঁচ দিন, তার স্ত্রী বিথীর সাত দিন, গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং আরেক গৃহকর্মীর মোছা. সুফিয়া বেগমের ছয়দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
এর আগে, ১১ বছর বয়সী এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বিমানের এমডি মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং আরও দুজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, ভুক্তভোগী শিশুর বাবা মোস্তফা বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী ও অন্য দুজনের বিরুদ্ধে শিশুকে গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
