নির্বাচন প্রতিহত করার সক্ষমতা আ. লীগের নেই, তারা অনলাইনেই সীমাবদ্ধ: শফিকুল আলম
আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করার মতো সক্ষমতা বা জনসমর্থন আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, 'আমরা মাঠে আওয়ামী লীগের কোনো বাস্তব উপস্থিতি দেখি না। তারা মূলত অনলাইনেই সীমাবদ্ধ।'
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রতিহতের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশেষ বার্তা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, 'নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি দাবি করেন, গত বছরের নভেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে শক্তি দেখানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। শফিকুল আলম বলেন, '১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে তারা কিছু বিচ্ছিন্ন সহিংসতা ঘটিয়েছে—ককটেল নিক্ষেপ, একটি বাস পোড়ানো এবং ময়মনসিংহে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় তাদের পক্ষে কোনো গণসমর্থনের প্রমাণ মেলেনি।'
আওয়ামী লীগের নির্বাচনি কর্মসূচি প্রসঙ্গে প্রেস সেক্রেটারি বলেন, 'তারা মিছিল ডাকে, কয়েকজন সেলফি তোলে, তারপর সরে যায়। তাদের মিছিলে লোক হয় না। বাস্তবতা হলো—তারা এখন আর মাঠের দল নয়।'
নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম বলেন, 'আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নারী-পুরুষ, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।'
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সচিবদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনই সরকারের একমাত্র লক্ষ্য।
