জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত রোববার ও সোমবার—এই দু'দিনে দেশের ২১ জেলায় ব্যালট পেপার পাঠিয়েছে ইসি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়। জেলাগুলো হলো—মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আরও আটটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলো—হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।
ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর একটি অবহিত পত্র দিয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।
একই সঙ্গে নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিজ নিজ ইউনিয়নে পদায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
