অনলাইনে অপপ্রচার ঠেকাতে ইসির অধীনে ফ্যাক্ট-চেকিং সেলের প্রস্তাব বিএনপির
অনলাইনে অপপ্রচার ও ভুয়া তথ্য রোধে নির্বাচন কমিশনের অধীনে পৃথক ফ্যাক্ট–চেকিং সেল গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চতুর্থ দিনের সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
সংলাপে তিনি বলেন, 'নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ডের দায়িত্বের কথা আমরা বলছি। এটা রাজপথে বা নির্বাচন পরিচালনার পাশাপাশি অনলাইনে আরও বেশি গুরুত্বপূর্ণ। গত এক বছর ধরে আমরা দেখছি সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, সাইবার অ্যাটাক অনেক পরিমাণে বেড়ে গেছে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চলছে।'
তিনি ফ্যাক্ট–চেকিং সেলটি কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে দুই স্তরে গঠন করার প্রস্তাব দিয়ে বলেন, 'ভিক্টিম যেকোনো প্রার্থী বা যেকোনো দল চাইলে উপজেলা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাতে পারবেন। একইসঙ্গে সেন্ট্রাল ইসি হেডকোয়ার্টারেও অভিযোগ করতে পারবেন।'
নারী রাজনীতিকদের অনলাইনে পরিকল্পিতভাবে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, 'প্রমাণিত অপতথ্য এবং অপপ্রচারের বিষয়ে ফেসবুক ও ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে তা নামিয়ে দেওয়া সম্ভব। ফেসবুক ও ইউটিউবের পাশাপাশি আমাদের যে ইন্টারনাল রিসোর্সগুলো রয়েছে- এনটিএমসি, মোবাইল অপারেটর, পুলিশের ডিবি, পিআইবি, সিআইডি- তারা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।'
