রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নিলামে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। ২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫.৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। ডলারের দর যেন পড়ে না যায়, সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি আরও বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলার দরও পড়ে যাচ্ছে না আবার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের।
