২৯ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ২৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, ১৫ দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে এক বিলিয়ন ডলার।
মূলত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ব্যাংকে ডলার সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এজন্য ডলারের দর যেন পড়ে না যায়—সেজন্য নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত) মোট ডলার কেনা হয়েছে ৩ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। এর ফলে নতুন বছরের (২০২৬ সাল) জানুয়ারিতে মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে।
