করোনার কবলে এবার আমির খান, রয়েছেন কোয়ারেন্টিনে
করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টিনে আছেন 'পিকে' খ্যাত বলিউড স্টার আমির খান।
বুধবার আমির খানের পক্ষ হতে এক বিবৃতিতে জানানো হয়, আমির খান বাড়িতেই সব করোনাবিধি মেনে চলছেন এবং ভালো আছেন।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে যারা আমির খানের সংস্পর্শে এসেছেন তাদের কোভিড-১৯ পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়, "সাম্প্রতিক সময়ে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কোভিড-১৯ পরীক্ষা করা উচিত। আপনাদের শুভকামনা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ।"
এই মাসের শুরুতে আমির খানকে মুম্বাইতে 'কোই জানে না' চলচ্চিত্রের শ্যুটিংয়ে দেখা যায়; বন্ধু আমির হাজির এ ছবিতে একটি নাচে অংশ নিয়েছিলেন আমির খান।
পিটিআই এর সংবাদ অনুসারে শ্যুটিং শেষে পাপারাজ্জিদের সাথে এক কথোপকথনে আমির খান মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়া ত্যাগ করার ব্যাপারে। আমির বলেছিলেন: "এই বিষয়ে আপনাদের তত্ত্ব জাহির করতে আসবেন না। আমি আমার নিজের জগতে বাস করি। যাই হোক, আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নই, আমি কিছু পোস্ট করি না।"
শ্যুটিংয়ের কয়েকদিন আগে আমির খানকে দেখা গিয়েছিল বান্দ্রার একটি ক্যাফেতে তার ছেলে জুনাইদ এবং মেয়ে ইরা খানের সাথে আড্ডা দিতে।
এর আগে টুইটার এবং ইনস্টাগ্রামে এক বিবৃতিতে আমির খান ঘোষণা দেন: "বন্ধুরা, আমার জন্মদিনে সকল ভালোবাসা এবং উষ্ণতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার হৃদয় ভরে গেছে। আরেকটা খবর! সোশ্যাল মিডিয়ায় এটাই আমার শেষ পোস্ট হতে যাচ্ছে"।
আমির খানকে পরবর্তীতে দেখা যাবে লাল সিং চাড্ডা সিনেমাতে। যেখানে কারিনা কাপুর অভিনয় করবেন তার বিপরীতে। অদ্বৈত চন্দন পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত টম হ্যাঙ্কস অভিনিত ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি সংস্করণ । লাল সিং চাড্ডা বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে।
- সূত্র- এনডিটিভি
