প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র, জাপান সফরের অর্জন শূন্য: মির্জা ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ তাদের আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে চায়।
একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান সফরের অর্জন শূন্য বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এলডিপির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "এদের পায়ের নিচে মাটি নেই। এরা মিথ্যা প্রচার করে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যাচারকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।"
সরকারের বিরুদ্ধে কারচুপির নির্বাচন এবং বিশ্বব্যাংক (ডব্লিউবি) ও আইএমএফকে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, "শুধু তাই নয়, বিশ্ব ব্যাংক এবং আইএমএফ'কেও তারা মিথ্যা তথ্য দিচ্ছে। তাদের 'বডি কেমিস্ট্রি' (মূল আদর্শ) হচ্ছে সন্ত্রাস ও দুর্নীতি।"
